সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এ সীমার মধ্যে বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে অনুমতি নয়

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাস্থ্য সেবার মান উন্নয়ন’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।
এ ছাড়া একই সীমার মধ্যে আগে থেকে বিদ্যমান কোনো ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না বলেও সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।