কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকি ভাতা মাসিক ৯০০ টাকা পুনর্নির্ধারণ। কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের ঝুঁকি ভাতা মাসিক ৯০০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকি ভাতা মাসিক ৯০০ টাকা পুনর্নির্ধারণ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কর্মচারী ঝুঁকি ভাতা পেয়ে আসছেন, তাদের পাশাপাশি ২৭৫টি সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত এলএসপি/টিএলএসপি (গ্রেড-১৬) এবং ৩১টি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত প্রোগ্রাম অর্গানাইজারদের (গ্রেড-১৪) জন্য মাসিক ৯০০ টাকা ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন নির্ধারিত এই ঝুঁকি ভাতা ১ জানুয়ারি ২০২৮ তারিখ থেকে কার্যকর হবে। তবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অর্থ বিভাগের ২৩ জুলাই ২০২০ তারিখের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী ঝুঁকি ভাতা প্রাপ্য হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।