কমিউনিটি ক্লিনিকের প্রধান কাজ হল তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। এটি মূলত একটি গণমুখী স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, এবং স্বাস্থ্য শিক্ষার মতো বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) হলেন কমিউনিটি ক্লিনিকের একজন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর্মী, যিনি প্রতিদিন গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
Prevention is better than cure (প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা)” — এই মূলনীতিকে ধারণ করে CHCP সবসময় চেষ্টা করেন মানুষ যেন অসুস্থ হওয়ার আগেই স্বাস্থ্য সচেতন হয়।
কমিউনিটি ক্লিনিক ও CHCP-এর গুরুত্বপূর্ণ কাজসমূহ:
1. প্রাথমিক চিকিৎসা প্রদান:-
- জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, পেট ব্যথা, ত্বকের রোগ ইত্যাদি সাধারণ অসুস্থতার চিকিৎসা।
2. ওষুধ সরবরাহ:-
- রোগ অনুযায়ী বিনামূল্যে নির্ধারিত ওষুধ প্রদান।
3. গর্ভবতী নারীদের সেবা (ANC):-
- গর্ভকালীন চেকআপ, রক্তচাপ ও ওজন মাপা, পরামর্শ দেওয়া ও হাই-রিস্ক মায়েদের শনাক্ত করে রেফার করা।
4. প্রসূতি পরবর্তী সেবা (PNC):-
- মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা।
5. শিশুদের টিকাদান (EPI):-
- শিশুর বয়স অনুযায়ী নিয়মিত টিকা দেওয়া।
6. পরিবার পরিকল্পনা সেবা:-
- পিল, কনডম, ইনজেকশন ইত্যাদি প্রদান এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেওয়া।
7. VIA টেস্টের জন্য কাউন্সেলিং:
- জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে VIA টেস্ট সম্পর্কে নারীদের উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধি।
8. NCD বিষয়ক স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং:
- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি সম্পর্কে সচেতনতা এবং জীবনধারায় পরিবর্তনের পরামর্শ দেওয়া।
9. রক্তচাপ মাপা (Blood Pressure Measuring):-
- নিয়মিত ব্লাড প্রেসার মেপে পরামর্শ প্রদান।
10. ডায়াবেটিস রোগীদের RBS টেস্ট (Glucometer দিয়ে):-
- রক্তে শর্করার মাত্রা পরিমাপ করে ব্যবস্থাপত্র দেওয়া বা রেফার করা।
11. রোগীদের রেফার করা:-
- জটিল বা গুরুতর রোগীদের নিকটস্থ উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা।
12. স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রদান:-
- বিশুদ্ধ পানি, হাত ধোয়ার সঠিক নিয়ম, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা।
13. বৈঠক ও স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন:
- স্থানীয় জনগণের সঙ্গে বৈঠক, স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
14. শিশুদের জন্ম নিবন্ধনে উৎসাহ প্রদান:-
- প্রতিটি শিশুর জন্মের পর জন্ম নিবন্ধন করা অত্যন্ত জরুরি। CHCP জনগণকে শিশু জন্মের সঙ্গে সঙ্গেই জন্ম নিবন্ধন করতে অনুপ্রাণিত করেন এবং প্রক্রিয়া সম্পর্কে সচেতন করেন।
15. রোগীর তথ্য সংরক্ষণ ও রিপোর্ট তৈরি:
- প্রতিদিন রোগী দেখা, চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণের তথ্য রেকর্ড করা।
- প্রতি মাসের শেষে ৫ ধরনের রিপোর্ট অনলাইনে সাবমিট করন এবং প্রতি দিন ANC & PNC ও ৫ বছরের নীচের শিশুদের online এ Entry/submit করতে হয়।
16. জরুরি স্বাস্থ্যসেবা প্রদান:
- দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ রোগীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া।
CHCP কেবল একজন চিকিৎসাকর্মী নন, তিনি জনগণের স্বাস্থ্যসচেতনতার এক অন্যতম অগ্রদূত। তার কার্যক্রমের মাধ্যমে সমাজে রোগ প্রতিরোধ, স্বাস্থ্য শিক্ষা এবং শিশু-মাতৃ কল্যাণে একটি দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হচ্ছে।
কমিউনিটি ক্লিনিকসমূহে (নিম্নলিখিত সেবা প্রদান করা হবে) কার্যাবলী:
- সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্ত:সত্ত্বা মহিলাদের প্রসব-পূর্ব ( প্রতিরোধক টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসব-উত্তর ( নব-জাতকের সেবাসহ ) সেবা;
- সময় মত প্রতিষেধক টিকাদানসহ ( যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কফ, পোলিও, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস -বি, নিউমোনিয়া ইত্যাদি ) শিশু ও কিশোর কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা;
- জনগনের বিশেষ করে মহিলা ও শিশুদের অপুষ্টি দূরীকরণের জন্য ফলপ্রসূ ব্যবস্থা গ্রহন ও সেবা প্রদান;
- ম্যালেরিয়া, যক্ষ্মা, কুষ্ঠ, কালা-জ্বর, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং উহাদের সীমিত চিকিৎসা সুবিধা;
- সাধারন জখম, জ্বর, ব্যথা, কাটা/পোড়া, দংশন, বিষক্রিয়া, হাঁপানি, চর্মরোগ, ক্রিমি এবং চোখ, দাঁত ও কানের সাধারন রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রদান ;
- অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন উপকরন, যেমন- কনডম, পিল, ইসিপি ( জরুরী গর্ভ নিরোধক ) ইত্যাদি সার্বক্ষনিক সরবরাহ ও বিতরন নিশ্চিকরণ;
- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (UHFWC) কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) নির্দিষ্ট সময় অন্তর কমিউনিটি ক্লিনিকে এসে আগ্রহী মহিলাদের আইইউডি (IUD) স্থাপন এবং/অথবা ইনজেকশন প্রদান ;
- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারীদের মধ্যে জটিল কেইসগুলিকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা প্রদান পূর্বক দ্রুত উচ্চতর পর্যায়ে রেফার করা;
- ক্লিনিকে আগত সেবা গ্রহণকারীদের জন্য স্বাস্থ্য-সম্মত জীবন যাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন, সুষম খাদ্যভ্যাস, টিকার সাহায্যে রোগ প্রতিরোধ, ক্রিমি প্রতিরোধ, বুকের দুধের সুফল, ডায়রিয়া প্রতিরোধ, পুষ্টি সস্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ও উহার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত আচার-আচারন ও দৃষ্টি ভঙ্গির পরিবর্তন (BCC) বিষয়ে গ্রুপভিত্তিক পরামর্শ দানের ব্যবস্থা;
- ১৫-৪৯ বৎসর বয়সের সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন মায়েদের সঠিক তালিকা প্রণয়ন ও টিকা প্রদান করা;
- জন্মের ২৮ দিনের মধ্যে শিশুর জন্মনিবদ্ধন কার্যক্রমে অংশগ্রহণ ও সহায়ক সুপারভিশন করা;
- দুর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহন করা;
- মহামারী নিয়ন্ত্রনে অংশগ্রহন করা;
- যেকোন স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা;
- সদ্য বিবাহিত ও অন্ত:সত্ত্বা মহিলাদের নিবন্ধিকরন ও সম্ভাব্য প্রসব-তারিখ সংরক্ষন;
- সদ্য প্রসবকারিনী ( ৬ সপ্তাহের মধ্যে ) এবং শিশুদের ( বিশেষতঃ মারাত্বক অপুষ্টি, দীর্ঘ মেয়াদী ডায়রিয়া বা হামে আক্রান্ত ) ভিটামিন- এ ক্যাপসুল প্রদান;
- প্রসবের অব্যবহিত পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শাল দুধ সহ কেবল মাতৃ-দগ্ধ খাওয়ানো পরামর্শ দেওয়া;
- মহিলা ও কিশোর-কিশোরীদের রক্তস্বল্পতা সনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান;
- এক থেকে পাঁচ বছরের শিশুদের ৬ মাস পর পর প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন-এ খাওয়ানো এবং রাতকানা রোগে আক্রান্ত শিশুদের খুজে বের করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা;
- আয়োডিনের স্বল্পতা, ক্রিমি, শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমন ( ARI ), যক্ষা ((DOTS সহ), কুষ্ঠ (MDT পর্যানুসরন), ম্যালেরিয়া, ত্বকের ছত্রাক ইত্যাদি রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসা কিংবা উচ্চতর হাসপাতাল/ক্লিনিকের ব্যবস্থাপত্র অনুসরণে ঔষধ প্রদান ;
- ডায়রিয়া আক্রান্ত রোগীদেরকে ও.আর.এস. এর সাহায্যে চিকিৎসা করা;
- বাড়ীতে ডায়রিয়ার চিকিৎসা প্রদান এবং খাওয়ার স্যালাইন প্রস্তুত ও ব্যবহার পদ্ধতি সম্বন্ধে শিক্ষা দান;
- প্রয়োজনীয় প্রশিক্ষন প্রাপ্তি সাপেক্ষে গর্ভনিরোধক ইনজেকশন এর ২য় এবং পরবর্তী ডোজ প্রদান;
- স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি (NSV, tubectomy, IUD, implant) সম্পর্কে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরণ এবং পদ্ধতি গ্রহণের জন্য উপজেলা/ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ;
- নবজাতক ও শিশুদের বিপদজনক লক্ষণ ও অত্যাবশ্যকীয় যত্ন সম্নন্ধে মা/অভিভাবকদের সচেতন করা;
- বাড়ীতে গিয়ে এবং নির্দিস্ট সময় অন্তর দূরবর্তী এলাকায় বসবাসরত জনগোষ্ঠীকে সেবা প্রদান করা;
- প্রয়োজনীয় প্রশিক্ষন এবং ব্যবস্থাদি থাকা সাপেক্ষে স্বাভাবিক প্রসব পরিচালনা করা;
- যৌনতা, নিরাপদ যৌন সম্পর্ক এবং বালিকা/মহিলাদের বিশেষ বিশেষ পুষ্টি ও স্বাস্থ্যসম্মত খাবার সম্পর্কে সচেতনতা সৃষ্টি;
- প্রবীণ জনগোষ্ঠীকে সুস্থ জীবন-যাপনে পরামর্শ (Counseling) ও সহায়তা প্রদান ;
- ওয়ার্ড/কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন;
- রজঃ নিবৃত্তি কালীন সমস্যাদির বিষয়ে পরামর্শ প্রদান করা এবং প্রয়োজনে রেফার করা;
- পুষ্টি হীনতা প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ প্রদান;
- সংক্রামক রোগ ও ছোঁয়াচে রোগ প্রতিরোধে স্তর অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
- আপদকালীন ও জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য স্তর অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীগণ নিম্নরূপ দায়িত্ব পালন করবেনঃ
- শুক্রবার ব্যাতীত সপ্তাহে ৬ দিন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে প্রদেয় সেবা প্রদান করবেন;
- স্বাস্থ্য কর্মী এবং পরিবার কল্যাণ সহকারীগণ সপ্তাহে তিনদিন করে কমিউনিটি ক্লিনিকে বসবেন । কে কোন দিন বসবেন তা স্থানীয়ভাবে ঠিক করা হবে । অফিস সময় হবে সকাল ৯:০০ থেকে বিকাল ৩:০০ ঘটিকা;
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীদের ( নতুন ৩ ওয়ার্ডের ৩ জন মাঠ কর্মী ) তদারকী করবেন;
- প্রশাসনিকভাবে স্বাস্থ্যকর্মী এবং পরিবার কল্যাণ সহকারীগণ যে যার দায়িত্ব পালন করবেন । কিন্তু কমিউনিটি ক্লিনিকের কাজের সুবিধার জন্য প্রতি ইউনিয়নকে ২ ভাগ করে ১ টি অংশে একীভূত সমন্বিত কার্যক্রমের (স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সেবা প্রদান) তদারকীর দায়িত্ব সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং অন্য অংশের তদারকীর দায়িত্ব পরিবার পরিকল্পনা পরিদর্শকের উপর ন্যাস্ত হবে;
- মাঠকর্মীদের একীভূত/সমন্বিত কার্যপরিধি (একই মাঠ কর্মীর মাধ্যমে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সেবা প্রদান) থাকবে;
- বর্তমান প্রশাসনিক কর্মএলাকা (প্রতি ইউনিয়নে ৯ টি ওয়ার্ড ) ভিত্তিক মাঠকর্মীদের পদায়ন করা হবে; যদি কর্মীর সংখ্যা বেশী হয় তবে জনসংখ্যার ভিত্তিতে তা সমন্বয় করে পদায়ন করা হবে;
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের অনুপস্থিতিতে স্বাস্থ্য সহকারী/পরিবার কল্যাণ সহকারী কমিউনিটি ক্লিনিকের যাবতীয় দায়িত্ব পালন করবেন;
- স্বাস্থ্য সহকারী/পরিবার কল্যাণ সহকারী একে অপরের অনুপস্থিতিতে কমিউনিটি ক্লিনিকে সকল সেবা নিশ্চিত করবেন;
- বছরের প্রারম্ভে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং কমিউনিটি গ্রুপ এর সাথে আলোচনাক্রমে ১ টি বাৎসরিক কর্মপরিকল্পনা তৈরী করবেন । পরিকল্পনায় ক্লিনিকে প্রদেয় সেবাসমূহ সুচারুভাবে সম্পাদনের জন্য ঔষধপত্র, এমএসআর চাহিদা, সাপ্তাহিক/মাসিক সভার তারিখ, স্যাটেলাইন ক্লিনিক সংগঠনের তারিখ, ইপিআই সিডিউল ইত্যাদি অন্তর্ভূক্ত থাকবে;
- কমিউনিটি ক্লিনিকে ক্লায়েন্ট ফ্লো বৃদ্ধি করার লক্ষে স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী বাড়ী পরিদর্শন কালীন সময়ে আন্তব্যক্তিক যোগাযোগের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কিত তথ্য প্রদানে সক্রিয়ভাবে কাজ করবেন;
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ঔষধ ও এমএসআর সহ আবশ্যক দ্রব্যাদির প্রয়োজনীয়তা নির্ণয় করবেন এবং ঔষধপত্র ও এমএসআর সংগ্রহের জন্য ইউনিয়ন মেডিকেল অফিসারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবাহ পরিকল্পনা কর্মকর্তা এবং পরিবার কল্যাণ সামগ্রী প্রদানের জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর ইনডেন্ট প্রদান করবেন;
- যে সব গর্ভবতী মহিলা কমিউনিটি ক্লিনিক হতে প্রসবপূর্বক ও প্রসবোত্তর সেবা গ্রহন করেননি এবং যে সব নারী/পুরুষ ইপিআই, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি বিষয়ে কমিউনিটি ক্লিনিক হতে সেবা গ্রহণ করেননি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীগণ তাদের খুঁজে বের করে কমিউনিটি ক্লিনিকের সেবা ব্যবস্থায় ফিরিয়ে আনবেন;
- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (UHFWC) কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা ( FWV ) নির্দিষ্ট সময় অন্তর কমিউনিটি ক্লিনিকে এসে আগ্রহী মহিলাদের আইইউডি (IUD) স্থাপন এবং/অথবা প্রথম ডোজ গর্ভনিরোধক ইনজেকশন প্রদান কালীন সময়ে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান ও পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত জন্মনিরোধক ব্যবহারকারিনীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান এবং প্রয়োজনে উচ্চতর পর্যায়ে প্রেরণ করবেন;
- পরিবার কল্যাণ সহকারী ( FWA ) ও স্বাস্থ্য সহকারী (HA) কর্তৃক দ্বিতীয় ও পরবর্তী ডোজ গর্ভনিরোধক ইনজেকশন প্রদান করবেন;
- কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সফল, শক্তিশালী ও ফলপ্রসূ করার লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ( পূর্বতন ইউনিয়ন সাব সেন্টার ও এফডব্লিউসি ) রেফারেল সেন্টার হিসাবে পরিগণিত হবে;
- প্রতি মাসের/সপ্তাহের নির্দিষ্ট দিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে মেডিকেল অফিসার/এম.এ/সাকমো, এফডব্লিউভি সংশ্লিষ্ট ইউনিয়নের অধীন সকল কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করবেন;
- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পদায়নকৃত মেডিকেল অফিসার ( যে কোন অধিদপ্তর থেকে ঐ ইউনিয়নে পদায়নকৃত ) উক্ত কেন্দ্র ও ঐ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন । সংশিষ্ট ইউনিয়নের অধীন সকল কমিউনিটি ক্লিনিকের কর্মী, মাঠকর্মী, সুপার ভাইজার ও কেন্দ্রের কর্মীবৃন্দ উক্ত কর্মকর্তার নিয়ন্ত্রনে কাজ করবেন; তবে যদি অধিদপ্তর থেকে একাধিক মেডিকেল অফিসার থাকেন সে ক্ষেত্রে প্রতি ইউনিয়নকে ডাক্তারের সংখ্যা অনুযায়ী ভাগ করে প্রতিটি অংশে একীভূত সমন্বতি কার্যক্রমের ( স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সেবা প্রদান ) তদারকীর দায়িত্ব সংশ্লিষ্ট মেডিকেল অফিসারগণের উপর ন্যাস্ত হবে;
- প্রতি ৩ মাস পর পর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কেন্দ্রে ১ টি মূল্যায়ন সভার আয়োজন করবেন । সভায় স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি গ্রুপ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে ক্লিনিকে প্রদত্ত সেবা অগ্রগতি ও অন্যান্য বিষয়ে পর্যালোচনা করবেন;
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, পরিবার কল্যাণ সহকারী এবং স্বাস্থ্য সরকারীগণ এই দায়িত্বের অতিরিক্ত তাদের স্ব স্ব কার্যপরিধি অনুযায়ী যাবতীয় দায়িত্ব পালন করবেন;
- সময়ে সময়ে সরকার কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করবেন।
